প্রকৌশলীকে জখমে দায়ী ঠিকাদারকে কালো তালিকাভুক্তির দাবি

১৮ আগষ্ট, ২০২০ ১৬:১০  
রাজশাহী গণপূর্ত কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনকে (২৮) পিটিয়ে জখম করা ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টায় রাজশাহী গণপূর্ত কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। একইসঙ্গে প্রকৌশলী দেলওয়ার হোসেনের ওপর হামলাকারী ঠিকাদার শাহাবুল মঞ্জু লিটনের ‘সাফির ইঞ্জিনিয়ার অ্যান্ড বিল্ডার্সের’ লাইসেন্স বাতিলসহ প্রতিষ্ঠানটির চলমান সকল কাজের কার্যাদেশ বাতিল করার দাবি জানান সমাবেশে অংশ নেয়া প্রকৌশলীরা। বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জেলা শাখার সভাপতি মো. ছাইদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আয়াতুল্লাহ। সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বপন, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইডিবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল নোমান, জেলার সহসভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।